গোপালগঞ্জ, হবিগঞ্জ, টাঙ্গাইল ও ময়মনসিংহে পৃথক ঘটনায় ৫জন খুন হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
গোপালগঞ্জ
গোপালগঞ্জে ইজি বাইক চালক জাহিদুল ইসলাম বাবুকে হত্যা করে ইজি বাইক ছিনতাই ঘটনায় পুলিশ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার ও ছিনতাইকৃত ইজি বাইক ও চালকের লাশ উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার সকালে জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা থেকে ইজি বাইক চালকের লাশ ও নড়াইল জেলার লোহাগড়া বাজার থেকে ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া গ্রামের খালিদ হাসান, একই গ্রামের বিপুল ফকির ও কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের হাসান শেখ।
দেলদুয়ার (টাঙ্গাইল)
টাঙ্গাইলে মসজিদের ভিতর এক তাঁত শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ফজরের নামাজের সময় সদর উপজেলার ধুলুটিয়া জামে মসজিদে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। ওই শ্রমিকের নাম আমিনুর মিঞা। তার বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার বেজগ্রাম গ্রামে।
হবিগঞ্জ
শহরের নাতিরাবাদ এলাকায় মিতু নামে এক নববধূ খুন হয়েছে। গত সোমবার স্বামীগৃহের পার্শ্ববর্তী বাসার একটি বারান্দায় গৃহবধূর লাশ পাওয়া যায়। এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল।
এদিকে সোমবার রাতে সদর উপজেলার শায়েস্তাগঞ্জের লেনজাপাড়ায় চোরের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। পুলিশ এই ঘটনায় জড়িত শফিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।
ভালুকা (ময়মনসিংহ)
ভালুকা উপজেলার বালিয়াগাড়া গ্রামে সোমবার রাতে জং বাহাদুর সন্দেশ আলী নামে এক মুদি দোকানদারকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
