ময়মনসিংহে অধ্যক্ষ নিয়োগ ও এমপিওভুক্তিতে প্রতারণা

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২১:১৩
ময়মনসিংহের শহীদ জিয়াউর রহমান টেকনিক্যাল এণ্ড বিজনেস ম্যানেজমেণ্ট কলেজের প্রভাষক মোহাম্মদ তৌফিকুল আজম ভুয়া কাগজপত্র তৈরি করে নিজেকে অধ্যক্ষ দেখিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক এমপিওভুক্ত করেছেন অধ্যক্ষের পদ। ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কলেজের সভাপতি মো. নুরুল ইসলাম। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন আরা ফেরদৌসীসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মোহাম্মদ তৌফিকুল আজমের জাল জালিয়াতি ও প্রতারণার কঠোর শাস্তি দাবি করেন তারা। লিখিত বক্তব্যে কলেজের সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, অধ্যক্ষ পদের জন্য ১২ বছরের অভিজ্ঞতার স্থলে ৭ বছরের অভিজ্ঞতা নিয়ে অধ্যক্ষের পদে দায়িত্ব নেন তিনি। প্রতারণার মাধ্যম সংবাদপত্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ কমিটির মাধ্যমে অধ্যক্ষ পদে নিয়োগ নেয়। এ ব্যাপারে মোহাম্মদ তৌফিকুল আজমের অধ্যক্ষ হিসেবে এমপিওভুক্তি অবৈধ বলে এবং তা বাতিলের জন্য ২০১৩ সালে ১১ মার্চ কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে দ্বিতীয়বার অভিযোগপত্র করলেও তদন্ত শেষ না হওয়ার পূর্বেই অজ্ঞাত কারণে ঐ বছরই তাকে বকেয়াসহ এমপিও বিল প্রদান করা হয়েছে। অভিযোগের ৫ মাস পর কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রুহুল আমীন ৪ জুলাই তারিখে অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তে আসেন কিন্তু অজ্ঞাত কারণে তদন্ত রিপোর্ট পাওয়া যায়নি।