মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপির বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিক্রিয়ায় তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী বলেছেন, ট্রাইব্যুনালের রায়ে আমরা ন্যায় বিচার পাইনি। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। গতকাল মঙ্গলবার রায়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
ফারহাত কাদের চৌধুরী বলেন, আমরা আদালতের রায়ের কপি একদিন আগেই কয়েকটি ওয়েব সাইটে পেয়েছি। আমরা জানতে পেরেছি এই কপি আইন মন্ত্রণালয় তৈরি করেছে। আমরা হতবাক হয়েছি আইন মন্ত্রণালয়ের রায়ের কপি কিভাবে বিচারকরা পড়তে পারেন?
তিনি বলেন, আমরা জানি ন্যায় বিচার পাব না। তারপরও বিচারের পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব। তিনি বলেন, সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছেন তারা বলেছেন, একাত্তরের ঘটনার আগে তারা তাকে দেখেননি। তাহলে ঘটনার সময় তাকে কিভাবে চিনলেন? সালাহউদ্দিন কাদেরের ছেলে হুমাম কাদের চৌধুরী বলেন, গত দু’দিন ধরে ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায় ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। আমাকে দশ মিনিটের জন্য আদালতে প্রবেশের অনুমতি দেয়া হলো, আমি আদালতে প্রবেশ করার পর দেখলাম ইন্টারনেটে যে রায়টি পাওয়া যাচ্ছে সেই একই রায় বিচারকরা পড়ে শোনাচ্ছেন। তিনি বলেন, আপনারা হয়ত জানেন আমার বাবা রায় পড়ার সময় কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকদের উদ্দেশে বলেন, আপনারা কি রায় পড়ে শোনাচ্ছেন? এই রায় তো ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। হুমাম কাদের বলেন, এই ট্রাইব্যুনাল আমার বাবাকে ফাঁসির আদেশ দিয়েছে।
