ব্রিটেনের অর্ধেকের বেশি পাইলট ককপিটে ঘুমিয়ে পড়েন বলে এক জরিপে জানা গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে ইউরোপীয় ইউনিয়ন একটি আইনের প্রস্তাব দিয়েছে।
সমপ্রতি যুক্তরাজ্যের একটি বিমানের দুইজন পাইলটই ককপিটে ঘুমিয়ে পড়েছিলেন। আর যাত্রী ভর্তি ওই বিমানটি চলে অটোপাইলট ব্যবস্থায়। এয়ারবাস ৩৩০ এর একজন পাইলট হঠাত্ করে জেগে ওঠেন এবং সহ-পাইলটকে জাগিয়ে তোলেন। তারা বলতে পারছেন না কতক্ষণ ধরে তারা ঘুমিয়ে ছিলেন। তবে বিমান কোম্পানির নাম প্রকাশ করা হয়নি। ১৩ আগস্ট বিমানটি ছাড়ার আগে পাইলট ও সহ-পাইলট ২০ মিনিট বিশ্রামের সুযোগ পেয়েছিলেন। কিন্তু বিমানটি ওড়ানোর ঘণ্টাখানেকের মাথায় তারা দুইজনই গভীর ঘুমে তলিয়ে যান। পরে তারা নিজেরাই ব্রিটেনের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের (সিএএ) কাছে ঘটনাটি জানান। গ্রীষ্মের ছুটির মৌসুমে দীর্ঘসময় ধরে কাজ করাকেই এ জন্য দায়ী করেন তারা। -রয়টার্স
