মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। গতকাল মঙ্গলবার দুপুরে রায় ঘোষণার খবর শাহবাগে পৌঁছলে গণজাগরণ মঞ্চের সংগঠক-কর্মীরা আনন্দ মিছিল করে। তারা ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানিয়ে অন্য যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দ্রুত রায় ঘোষণা করতে আহবান জানান।
মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শহীদ মিনার এবং শহীদ মিনার থেকে আবার শাহবাগে ফিরে আসে। মিছিলে বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতারা নেতৃত্ব দেন।
মিছিলশেষে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, গোলাম আযমের পর সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিচার ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রায়ের মাধ্যমে এবার মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জেনে যাবে, তাদের বিচারও বাংলার মাটিতে হবে।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের স্থান বাংলাদেশে নেই। রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যুদ্ধাপরাধীদের এ দেশের মানুষ গ্রহণ করে না। যুদ্ধাপরাধের বিচার নিয়ে কেউ নাশকতার চেষ্টা করলে তা প্রতিহত করবে গণজাগরণ মঞ্চ।
