প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপন (১ম পর্যায়) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রাশিয়ার সহযোগিতায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুত্ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে।
এদিকে রাজধানীর বঙ্গবন্ধু নভোথিয়েটারে পারমাণবিক শক্তি তথ্য কেন্দ্র খোলা হয়েছে। এই কেন্দ্র থেকে পারমাণবিক শক্তি বিষয়ে যে কোন তথ্য জানা যাবে। গতকাল মঙ্গলবার তথ্য কেন্দ্রটি উদ্বোধন করা হয়। তথ্য কেন্দ্র স্থাপনের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান রোসাটমের মধ্যে একটি চুক্তি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, রোসাটমের মহাপরিচালক সের্গেই কিরিয়েনকা, বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দার নিকোলায়েভ, বঙ্গবন্ধু নভোথিয়েটারের মহাপরিচালক আরশাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এক মতবিনিময় সভায় বিজ্ঞান প্রতিমন্ত্রী বলেন, স্বচ্ছতার সাথেই রূপপুরে বিদ্যুত্ কেন্দ্র করা হবে। এতে ৯০ ভাগ ঋণ দেবে রাশিয়া, বাকি ১০ ভাগ নিজস্ব অর্থে হবে।
সের্গেই কিরিয়েনকা বলেন, পরমাণু প্রযুক্তি দিয়ে সস্তায় বিদ্যুত্ উত্পাদন করা সম্ভব। নিরাপত্তার বিষয়টি অধিক গুরুত্ব দেয়া হবে। এ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। রাশিয়া অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে এই কেন্দ্র করবে। তিনি বলেন, নকশা শেষ করেই বলা যাবে এই কেন্দ্র করতে কত টাকা প্রয়োজন হবে। নকশা ও অন্য জরিপ শেষ করতে আরো প্রায় দুই বছর লাগবে।
প্রসঙ্গত, ২০১১ সালের ২ নভেম্বর রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র নির্মাণে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী রাশিয়া এই বিদ্যুত্ কেন্দ্র নির্মাণসহ অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে সহায়তা করবে। গত ২ এপ্রিল বিদুত্ কেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ের কাজ একনেকে অনুমোদিত হয়। এরপর গত ২৭ জুন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান (জেএসসি এটমস্ট্রয় এক্সপোর্ট) এর সাথে প্রথম চুক্তি সই হয়। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৮৭ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৮৭ কোটি টাকা। বাকি অর্থ ঋণ দেবে রাশিয়া। ২০১২-১৩ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এই প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৪২ কোটি ৪০ লাখ টাকা।
প্রধানমন্ত্রী পাবনায় যাচ্ছেন আজ
পাবনা প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পাবনা যাচ্ছেন। তিনি পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও জেলার ২৪টি উন্নয়নমূলক কাজের মধ্যে ৬টির উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে বেলা তিনটায় রূপপুর মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
