পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, 'হিংসা বিদ্বেষ পরিহার করে মানবতা ও ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।' শনিবার বিকালে সিলেটে বুদ্ধ পূর্ণিমা-২০১৯ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মানবতার একমাত্র ধর্ম শান্তি এ কথা উল্লেখ করে তিনি বলেন, 'মায়ানমারে মুসলমানদের ওপর বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের নির্যাতন খুবই বেদনাদায়ক। এটা প্রমাণ করে, মানুষ ধর্মের শিক্ষা থেকে বিচ্যুত হচ্ছে। সে ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত।'
তিনি আরও বলেন, 'গৌতম বুদ্ধ মানব জাতির অহংকার। তিনি সারাজীবন মানব জাতির কল্যাণে কাজ করেছেন। তিনি অহিংস ধর্মে বিশ্বাসী ছিলেন। তার এই নীতি আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। মানুষে মানুষে হিংস্বা, বিদ্বেষ, সংঘাত পরিহার করতে হবে। সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই- সেই মানবতার জয়গান নিয়ে এগিয়ে যেতে হবে। হিংসা বিদ্বেষ পরিহার করে মানবতার জয়গান গাইতে হবে।'
বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে আজ সিলেট নগরীর আখালিয়ার নয়াবাজারে অবস্থিত ব্রাহ্মশাসন বৌদ্ধ বিহারে বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা, ভিক্ষু পিন্ডদান, মধ্যাহ্ন ভোজ, আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জলনের আয়োজন করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগের চেয়ারম্যান ডা. জ্ঞানরত্ন মহাথেরোর সভাপতিত্ব সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি অরুন বিকাশ চাকমা। প্রধান আলোচক ছিলেন প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া। এছাড়াও বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়ার পরিচালনায় বক্তব্য রাখেন বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির আহবায়ক সাধন কুমার চাকম, চট্টগ্রাম বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের লোকপ্রিয় মহাথের, সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘানন্দ থের, চট্টগ্রাম বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ বোধিরত্ন ভিক্ষু, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জগদীশ চন্দ্র দাস, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমার ইলিয়াছ, ৭, ৮, ৯ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু প্রমুখ।
আরও পড়ুন: প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার মানোন্নয়ন করতে হবে: মতিয়া চৌধুরী
এর আগে মন্ত্রী সিলেটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শতবর্ষ উদযাপন কমিটির প্রস্তুতি সভায় যোগ দেন। সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের নতুন এমআরআই ও সিটি স্ক্যান মেশিন উদ্বোধন করেন। এ সময় হাসপাতালের আনসার ক্যাম্পেরও উদ্বোধন করেন তিনি।
ওসমানী হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগে রোগ নির্ণয়ের এমআরআই (ম্যাগনেটিক রিসোন্যান্স ইমেজিং) ও সিটিস্ক্যান মেশিন প্রায় তিন বছর ধরে বিকল অবস্থায় ছিলো। ২০১৬ সালের জুনের দিকে নষ্ট হয়ে পড়ে মেশিন দু’টি। নতুন এমআরআই ও সিটিস্ট্যান মেশিন চালু করার রোগীদের এই দুর্ভোগ দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইত্তেফাক/জেডএইচডি
