১২ অক্টোবর চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লাইওভারটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। একইদিন চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার কথা রয়েছে।
জানা গেছে, ১০৬ কোটি টাকা ব্যয়ে বহদ্দারহাট ফ্লাইওভারের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে রেলিং নির্মাণ এবং কার্পেটিংয়ের কাজ চলছে।
ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি দেখতে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এলাকা পরিদর্শন করেছেন। ২০১০ সালের ডিসেম্বরে বহদ্দারহাট ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয়। মীর আক্তার এন্ড সন্স ও পারিসা এন্টারপ্রাইজ নামে দু’টি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে নির্মাণ কাজ শুরু করে।
২০১২ সালের ২৪ নভেম্বর নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে ১৩ জনের মৃত্যুর পর পারিসাকে বাদ দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মীর আক্তার এন্ড সন্স ফ্লাইওভারের অসমাপ্ত অংশের নির্মাণ কাজ করছে।
