রামপালে বিদ্যুত্ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২০:১৫
সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুত্ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বাগেরহাট জেলা সমিতির উদ্যোগে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সুন্দরবনকে ধ্বংসের মুখে ঠেলে দেয় এমন কোনো প্রকল্প বাস্তবায়ন হতে দেয়া হবে না। রামপালে নির্মিতব্য বিদ্যুত্ কেন্দ্র দেশের লাভের চেয়ে ক্ষতিই বেশি করবে উল্লেখ করে বক্তারা অবিলম্বে বিদ্যুত্ কেন্দ্র নির্মাণের প্রকল্প বাতিলের দাবি জানান। রাবির বাগেরহাট জেলা সমিতির সভাপতি হুমায়ন রায়হানের সভাপতিত্বে বক্তব্য দেন রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ফারুক ইমন, বিপ্লবী ছাত্রমৈত্রীর সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, বাগেরহাট জেলা সমিতির সাধারণ সম্পাদক শাওন শওকত প্রমুখ।