দৌলতপুর-কলিয়া সড়কে জলাবদ্ধতায় জনদুর্ভোগ

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২১:৪৩
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দৌলতপুর-কলিয়া সড়কের চকমিরপুর চেয়ারম্যান বাড়ির মোড়ে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর জলাবদ্ধতার ফলে বিভিন্ন যানবাহনে চলাচলকারী যাত্রীসহ পথচারীকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। আরিচা-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের সাথে সংযোগ স্থাপন করেছে দৌলতপুর-কলিয়ার এই গুরুত্বপূর্ণ সড়ক। এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন ৩০ হাজারেরও বেশি লোক চলাচল করে। সংযোগস্থলটি আঞ্চলিক মহাসড়ক হতে প্রায় ৩ ফুট নিচু। ৩ বছর পূর্বে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুহসীন ও উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল কাদেরের উদ্যোগে নিচু স্থানের জলাবদ্ধতা নিরসনের জন্য ৬ ইঞ্চি পাইপ দিয়ে ড্রেন তৈরি করা হয়। ড্রেনটি আঞ্চলিক মহাসড়কের নিচ দিয়ে পাশের ডোবা পর্যন্ত নেয়া হয়েছে। বৃষ্টির সময় রাস্তায় জমে থাকা ময়লা-আবর্জনা পানিতে মিশে ড্রেনটির মুখ বন্ধ করে। ফলে জমে থাকা পানি রাস্তার উপর দিক দিয়ে নিষ্কাশন হতে গেলে অতিরিক্ত পানির চাপে রাস্তাটি বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হয়। এতে করে রাস্তাটি দিয়ে ভারি, মাঝারি ও হালকা যানবাহনসহ সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম তালুকদার জানায়, রাস্তা সংস্কারের বাজেট প্রক্রিয়াধীন রয়েছে। বাজেট পাস হলে ড্রেন তৈরিসহ দ্রুত রাস্তা সংস্কার ও মেরামত করা হবে।