সেতাবগঞ্জ চিনিকলে ৩৩ কোটি টাকার চিনি অবিক্রীত

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২১:৪৯
দিনাজপুরে সর্ববৃহত্ ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল চরম অর্থ সংকটে পড়েছে। মিল কর্তৃপক্ষ সময়মত শ্রমিক কর্মচারীদের বেতনভাতা দিতে পারছে না। বর্তমানে মিলটিতে উত্পাদিত ৬ হাজার ৭শ’ ৭ টন চিনি মজুদ রয়েছে। যার চলতি বাজার মূল্য ৩৩ কোটি ৫০ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ মজুদকৃত চিনি অবিক্রীত থাকায় মিলটি চরম আর্থিক সংকটে পড়েছে। যার ফলে মিল কর্তৃপক্ষ শ্রমিক কর্মচারীদের বেতনভাতা পরিশোধসহ প্রতিনিয়ত নানা সমস্যায় সম্মুখীন হচ্ছে। এ ব্যাপারে সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদউল্লাহ জানান, বেসরকারি চিনি উত্পাদনকারী প্রতিষ্ঠান সমূহ কম মূল্যে বাজারে চিনি সরবরাহ করায় ডিলাররা মিলের চিনি উত্তোলনে অনাগ্রহ দেখাচ্ছে।