বিশ্ব হার্ট দিবস উপলক্ষে গত রবিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতাল হূদরোগ প্রতিরোধে করণীয় ও দেশের সকল হূদরোগীদের সুস্থতা কামনায় বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে। এর মধ্যে দিনটি উপলক্ষে বের হওয়া র্যালি গুলশান এলাকা ঘুরে হাসপাতালে এসে শেষ হয়। এছাড়া বিশেষ বৈজ্ঞানিক সেমিনারে হাসপাতালের হূদরোগ বিভাগের কনসালটেন্ট ডা. এম মোমেনুজ্জামান বলেন, বিদেশের তুলনায় অনেক কম খরচে বর্তমানে দেশে হূদরোগের সব রকম চিকিত্সা ও হার্ট সার্জারি হয়ে থাকে যা আন্তর্জাতিক মান সম্পন্ন।
সেমিনারে হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ও ডিরেক্টর কার্ডিয়াক সেন্টার ডা. জাহাঙ্গীর কবির বলেন, হূদরোগকে ভয় না পেয়ে হূদরোগ সম্বন্ধে আমাদের সকলকে জানতে ও সচেতন হতে হবে। হাসপাতালের কনসালটেন্ট ও হূদরোগ বিশেষজ্ঞ ডা. কায়সার নাসরুল্লাহ খান সেমিনারে প্রধান বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, ধূমপান বর্জন, প্রচুর শাকসবজি ও ফল খাওয়া, তেল-চর্বিযুক্ত খাবার কম খাওয়া, ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখা, ওজন কমানো, মানসিক চাপমুক্ত থাকা ও প্রতিদিন অন্তত ৩০ মিনিট কায়িক শ্রম বা হাঁটা হূদরোগ ও স্ট্রোক প্রতিরোধে সাহায্য করে।-প্রেস বিজ্ঞপ্তি
