মৃত্যুদণ্ড ন্যায়বিচার নিশ্চিত করতে পারে না :অ্যামনেস্টি

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২২:১৭
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়ে একাত্তরের ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে না। গত মঙ্গলবার বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপিকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেয়ার পর মানবাধিকার সংস্থাটি এক বিবৃতিতে এ কথা জানায়। মৃত্যুদণ্ডের সমালোচনা করে সংস্থাটি যুদ্ধাপরাধের মামলায় ঘোষিত সকল মৃত্যুদণ্ডের রায় বদলানোরও আহ্বান জানিয়েছে। বিবৃতিতে এমনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ বিষয়ক গবেষক আব্বাস ফয়েজ বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধে যারা স্বজন হারিয়েছেন ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বছরের পর বছর ধরে যুদ্ধাপরাধীদের বিচারের অপেক্ষায় ছিলেন। কিন্তু এজন্য মৃত্যুদণ্ড যথাযথ শাস্তি হতে পারে না। তিনি বলেন, একটি মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে গিয়ে আরেকটি মানবাধিকার লঙ্ঘন কাম্য হতে পারে না। তাই সালাহউদ্দিন কাদেরসহ সকল মৃত্যুদণ্ডপ্রাপ্তের শাস্তি রায় পরিবর্তন করা উচিত। কারণ মৃত্যুদণ্ড হলো চরম নিষ্ঠুর ও অমানবিক সাজা। বিবৃতিতে বলা হয়, সালাহউদ্দিন কাদের চৌধুরীর পরিবার জানিয়েছে, এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা হবে। ফয়েজ বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাবো যে, সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিল আবেদন যেন আন্তর্জাতিক আইন ও স্বচ্ছ বিচারের মানদণ্ডে পরিচালিত হয়।