সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুত্ প্রকল্পে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের শুনানিতে বিব্রতবোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি। গতকাল বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও জাফর আহমেদকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ ঘটনা ঘটে। পরে আদালত রিট আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয়। এখন প্রধান বিচারপতি যে বেঞ্চে আবেদনটি পাঠাবেন সেখানে শুনানি অনুষ্ঠিত হবে। বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি জাফর আহমেদ শুনানি গ্রহণে বিব্রতবোধ করেছেন বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা।
রামপাল তাপ বিদ্যুত্ প্রকল্পে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি করেন চার আইনজীবী। এরা হলেন, আসাদুজ্জামান সিদ্দিকী, মো. একলাস উদ্দিন ভূঁইয়া, মাহবুবুল ইসলাম ও সৈয়দা শাহিন আরা লাইলী। তাদের আইনজীবী এডভোকেট মনজিল মোরসেদ বলেন, গত সোমবার রিট আবেদনের ওপর আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির এক পর্যায়ে আদালত এ বিষয়ে দায়ের হওয়া আগের রিটের আদেশ দেখতে চান। তাত্ক্ষণিক তা দেখানো সম্ভব না হওয়ায় গতকাল বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। আজ (বুধবার) আবেদনটি শুনানির জন্য পেশ হলে কনিষ্ঠ বিচারক বিব্রতবোধ করেন। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন।
