রামপাল বিদ্যুেকন্দ্র নির্মাণের বিরুদ্ধে ইনস্ট্রুমেন্টাল কম্পোজিশন পরিবেশনের মধ্য দিয়ে ‘জলের গান’ তাদের কনসার্ট শুরু করলো। পৃথিবীখ্যাত সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল ধ্বংস করে উন্নয়নের নামে মানুষের আগ্রাসনের ভয়াবহতা দর্শক-শ্রোতার মাঝে ছড়িয়ে দেয়ার প্রয়াস ছিল শিল্পীদের। সেইসঙ্গে এ বিদ্যুেকন্দ্র নির্মাণের প্রতিবাদ করার আহ্বানও ছিল তাদের মিউজিক্যাল পরিবেশনায়।
ধানমন্ডির মাইডাস সেন্টারে এডওয়ার্ড এম কেনেডি সেন্টার প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে ধারাবাহিক নানা অনুষ্ঠানের অংশ হিসাবে গতকাল বুধবার অনুষ্ঠিত হলো দেশের জনপ্রিয় সঙ্গীত দল ‘জলের গান’-এর কনসার্ট। সেন্টারের কর্মী জিমানা আহমেদ জানালেন, এডওয়ার্ড এম কেনেডি সেন্টার মুক্তিযুদ্ধ জাদুঘর ও আমেরিকান সেন্টারের সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের সংস্কৃতি নিয়ে কাজ করে। পাশাপাশি দেশের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তরুণদের সচেতন করে তুলতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে চলেছে। তাদের এ পথচলার বছরপূর্তিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘জলের গান’ প্রথমেই শুরু করে ‘সোয়া যাও সোয়া যাও রে’ গান দিয়ে। এরপর গেয়ে শোনায় ‘দূরে থাকা মেঘ’, ‘পাতার ছবি’সহ মোট ১২টি গান। প্রধান ভোকালরা হচ্ছেন রাহুল আনন্দ, কনক আদিত্য, সাইফুল জার্নাল ও এবিএস জেম। অন্যরা হচ্ছেন সঞ্জয় সাহা, শরিফুল ইসলাম, রানা সারোয়ার, শ্যামল কর্মকার ও শিশির খন্দকার। ‘জলের গান’ ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই তাদের ভিন্নধর্মী পরিবেশনা ও সহজ ভাষা ও সুরের জন্য তরুণদের মন জয় করে নেয়।
