পাল্টাপাল্টি আন্দোলনে অচল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২২:২৯
পাল্টাপাল্টি আন্দোলনে অচল হয়ে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। একদিকে ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষকরা ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। অন্যদিকে বাসভবন অবরোধের প্রতিবাদ জানিয়ে ভিসি নিজেই বাসভবনের সামনে অবস্থান গ্রহণ করেছেন। আবার রেজিস্ট্রার আবু বকর সিদ্দিককে তৃতীয় দিনের মতো অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষকরা। এর প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি কর্মবিরতি পালন করছে। এদিকে বিশ্ব-বিদ্যালয়ের এ অবস্থায় আসন্ন প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ‘সচেতন শিক্ষার্থী’ ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। সচল বিশ্ববিদ্যালয়ের দাবিতে গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকদের একাংশ ও শিক্ষার্থীরা। শিক্ষক ফোরামের লাগাতার কর্মবিরতি ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষক ফোরাম। দাবি আদায়ের লক্ষ্যে গত মঙ্গলবার দুপুর থেকে তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার রাতেও তারা ভিসির বাসভবনের সামনেই ছিলেন। ফোরামের আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী বলেছেন, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। ভিসির অবস্থান কর্মসূচি বাসভবনের সামনে শিক্ষক ফোরামের অবস্থান কর্মসূচির প্রতিবাদে ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন নিজেও বাসভবনের বাইরে সস্ত্রীক অবস্থান কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার রাত দশটার দিকে ভিসি বাসভবনের বাইরে এসে অবস্থান নেন। মঙ্গলবার দুপুরে শিক্ষকরা তার বাসভবনের সামনে অবস্থানের সময় ভিসি বাসভবনে ছিলেন না। রাতে নিজ বাসায় ঢুকতে গেলে বাসার সামনে আন্দোলনকারী শিক্ষকদের দেখতে পান ভিসি । এ সময় তিনি বাসার কর্মচারীকে একটি মাদুর নিয়ে আসতে বলেন। ওই কর্মচারী মাদুর নিয়ে এলে তিনি বাসভবনের প্রধান গেটের সামনে তা বিছিয়ে স্ত্রীকে নিয়ে বসে পড়েন। ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন জানান, শিক্ষকরা সম্মানিত ব্যক্তি। তাদের বাইরে রেখে তিনি ভেতরে যেতে পারেন না। যতক্ষণ পর্যন্ত একজন শিক্ষকও এখানে অবস্থান করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এ অবস্থান কর্মসূচি ত্যাগ করব না। অবরুদ্ধ রেজস্ট্রার গতকাল বুধবার রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও ডেপুটি রেজিস্ট্রার (টিচিং) মো. আবু হাসানকে তৃতীয় দিনের মতো অবরুদ্ধ করে রাখে আন্দোলনরত ‘সাধারণ শিক্ষক ফোরাম’র সদস্যরা। সোমবার আইন ও বিচার অনুষদের ডীনকে অপসারণ করে নতুন ডীন নিয়োগ দেন ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন। এছাড়া ভিসি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটেকে অবহিত না করেই বিজনেস স্ট্যাডিজ ও জীববিজ্ঞান অনুষদের ডীন নিয়োগ দেন। এ প্রজ্ঞাপন বন্ধ রাখার দাবিতে সোমবার দুপুর ২টা থেকে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকরা। এদিকে রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রারকে অবরুদ্ধ করার প্রতিবাদে অফিসার সমিতি কর্মবিরতির ঘোষণা দিয়েছে। গতকাল সকাল সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। পরে এক সমাবেশ থেকে তারা জানান, রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রার মুক্ত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন। বিশ্ববিদ্যালয় পরিবার’র মানববন্ধন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার’ ব্যানারে মানববন্ধন করেছেন শিক্ষকদের একাংশ ও শিক্ষার্থীরা। গতকাল দুপুর একটার দিকে শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।