সালাহউদ্দিনের এমপি পদ

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইসি অপেক্ষা করবে

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২২:৩০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর সংসদ সদস্য (এমপি) পদ বাতিলের বিষয়ে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, মামলার রায়ের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে না। গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। গত মঙ্গলবার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ দেন। জাবেদ আলী বলেন, ‘সালাহউদ্দিন কাদের চৌধুরী এ রায়ের বিরুদ্ধে আপিল ও রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, তা পূর্ণাঙ্গ নয়। আপিলের পর যে চূড়ান্ত রায় হবে তারপর সংসদ সদস্য পদ বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’ জাবেদ আলী বলেন, এক্ষেত্রে যদি জানুয়ারির আগে রায়ের সবকিছু শেষ হয়ে যায় এবং নির্বাচন করার সময় থাকে, তাহলে সেখানে নির্বাচন করা হবে। জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জাবেদ আলী বলেন, ‘সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদের (ক) এবং (খ) যে অনুযায়ী নির্বাচন হোক না কেন আমরা সঠিক সময়েই সুষ্ঠু নির্বাচন করবো। নির্বাচন করার জন্য সবধরনের প্রস্তুতি আমরা প্রায় শেষ করে ফেলেছি। যথাসময়ে আমরা নির্বাচন করতে পারব।’ এ সময় তিনি সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণেরও আহ্বান জানান। নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে জাবেদ আলী বলেন, ‘খুব শিগগিরই আমরা জাতির কাছে একটি আচরণ বিধি পেশ করব। এ ব্যাপারে প্রাথমিক কাজ চলছে। সকল প্রার্থী যাতে সমান সুযোগ পান আমরা সেভাবেই কাজ করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংসদ বহাল থাকবে কিনা এটা সংবিধানের কাজ, আমাদের নয়। আমাদের কাজ নির্বাচন পরিচালনা করা।’ নির্বাচন কোন্ মাসে হবে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন কোন্ মাসে হবে সেটা বড় কথা নয়। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং সংবিধান অনুযায়ী সময়মত হওয়াটাই বড় কথা। সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন।’