বিকাশে ২০ হাজার টাকা দেয়ায় মুক্ত অপহূত ব্যবসায়ী

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২২:৩৪
অপহরণের পাঁচদিন পর কিশোরগঞ্জের হোসেনপুর থেকে অপহূত ব্যবসায়ী সানোয়ার হোসেন চাঁনুকে (২৫) গফরগাঁও রেলস্টেশন থেকে উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে উদ্ধার করা হয়। তবে এর আগে তার পরিবার বিকাশের (মোবাইলে) মাধ্যমে অপহরণকারীদের ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়েছে বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ভালুকা স্কয়ার মাস্টারবাড়ি এলাকার থান কাপড় ব্যবসায়ী হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হালিমা গ্রামের আজিম উদ্দিনের ছেলে সানোয়ার হোসেন চাঁনুকে গত ২৬ সেপ্টেম্বর রাতে নিজ বাড়ি থেকে অজ্ঞাত সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে স্ত্রী ঝুমা বেগমের কাছে ফোন করে। পরে বিকাশের মাধ্যমে ০১৭৭৭০৭২২৬৭ মোবাইল নম্বরে অপহরণকারীদের ২০ হাজার টাকা দেয়া হলে সানোয়ারকে মুক্তি দেয়া হয় বলে জানান অপহূতের বড় ভাই মনু মিয়া। ঘটনার সত্যতা স্বীকার করে অপহূত ব্যবসায়ী সানোয়ার জানান, অপহরণকারীরা দিনের বেলায় একটি অন্ধকার কক্ষে তাকে চোখ বেঁধে রাখত এবং রাতে আবার চোখের বাঁধন খুলে দিত। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ শওকত জাহান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সানোয়ারকে উদ্ধার করে হোসেনপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।