সারাদেশে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২০:৫১
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার দেশব্যাপী ধর্মঘট পালন করে ওষুধ ব্যবসায়ীরা। এ সময় চরম বিপাকে পড়েন জরুরি ওষুধ কিনতে আসা রোগী ও তার স্বজনরা। এ বিষয়ে খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। ফরিদপুর বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির আহ্বানে বৃহস্পতিবার ফরিদপুরে সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত সকল ওষুধের দোকান বন্ধ রাখা হয়। শহরের প্রধান ওষুধ মার্কেট সুপার মার্কেটসহ শিশু হাসপাতাল, জেনারেল হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতাল, ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন ওষুধের দোকান এবং শহরের ভাঙ্গা রাস্তার মোড়ের সকল ওষুধের দোকন বন্ধ থাকায় বিপাকে পড়েন ওষুধ কিনতে আসা রোগীর স্বজনরা। আলফাডাঙ্গা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সব ওষুধ ব্যবসায়ীরা দোকানে তালা লাগিয়ে গতকাল বৃহস্পতিবার ধর্মঘট পালন করে। এ ছাড়া নেতৃবৃন্দ বৃহস্পতিবারের মধ্যে ব্যবসায়ীদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুমকি দেন। অন্য দিকে ওষুদের দোকান বন্ধ থাকায় সাধারণ রোগীরা চরম বিপাকে পড়ে। মাদারীপুর দেশব্যাপী ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে জেলার সর্বত্র গতকাল বৃহস্পতিবার ধর্মঘট পালিত হয়। নীলফামারী নীলফামারী জেলায় ওষুধ বিক্রির দোকানে ধর্মঘট পালনে সকাল থেকে দোকান বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন ওষুধ কিনতে আসা রোগী ও তাদের লোকজন। অপর দিকে মানুষের জীবন রক্ষাকারী ওষুধ নিয়ে অনিয়মের সাথে জড়িতদের প্রতি আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন। পরশুরাম (ফেনী) ফেনীতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আহবানে প্রায় ২ হাজার ওষুধ ব্যবসায়ী তাদের দোকান বন্ধ রেখে বৃহসম্পতিবার সকাল থেকে ধর্মঘট পালন করে। ফলে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। টঙ্গী, গাজীপুর বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ডাকে টঙ্গীতে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট পালিত হয়। বৃহস্পতিবার সকাল থেকে টঙ্গীর সকল দোকান ও ফার্মেসি বন্ধ থাকে। ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট এদিকে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি আহূত ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট কালিয়াকৈরে শান্তিপূর্ণ ভাবে পালিত হয়। কাউখালী (পিরোজপুর) বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ডাকে সারাদেশের মতো পিরোজপুরের কাউখালীতেও চলছে ওষুধের দোকানে ধর্মঘট। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘট চলে রাত ১০টা পর্যন্ত। এদিকে মঠবাড়িয়ায় ওষুধ ব্যবসায়ীদের সকাল-সন্ধ্যা ধর্মঘটের কারণে রোগীরা ভোগান্তির শিকার হয়। ভুক্তভোগী স্কুল শিক্ষিকা মুক্তিযোদ্ধা আয়েশা পারভীন জানান, অসুস্থ স্বামীর ওষুধ কেনার জন্য বাজারে আসলে ওষুধ না পেয়ে চরম ভোগান্তির মধ্যে পড়েন। এদিকে গতকাল বৃহস্পতিবার স্বরূপকাঠিতে সকাল থেকে রাত পর্যন্ত ওষুধের দোকান পাট বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে ওষুধ ব্যবসায়ীরা। লাকসাম (কুমিল্লা) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আহবানে সকল ওষুধের দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করে ব্যবসায়ীরা। উপজেলা সদরসহ মেইন রোড, উত্তরবাজার, বাইপাস, রাজঘাট, সামনিরপুলসহ গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে ওষুধ দোকান বন্ধ থাকে। বারহাট্টা, (নেত্রকোনা) ৮ দফা দাবিতে বৃহস্পতিবার বারহাট্টায় ওষুধের দোকানে ধর্মঘট অনুষ্ঠিত হয়। জরুরি প্রয়োজনে হাসপাতালের সামনে দু’একটি দোকান ছাড়া উপজেলার সকল ওষুধের দোকান বন্ধ ছিল। মির্জাপুর (টাঙ্গাইল) মির্জাপুর উপজেলায় ওষুধ ব্যবসায়ীরা ধর্মঘট পালন কর। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ৩০০ ফার্মেসিতে তালা ঝুলিয়ে দিয়ে ধর্মঘট পালন করায় ওষুধ না পেয়ে হাজার হাজার রোগী ও তাদের আত্মীয়-স্বজন দুর্ভোগের মধ্যে পড়ে।