সিংগাইরে মাইকে ঘোষণা দিয়ে জুয়া খেলা

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২০:৫৫
বর্তমানে সিংগাইরে চলছে জেএসসি মডেল টেস্ট ও নির্বাচনী পরীক্ষা। অপরদিকে উপজেলার জামশা ইউনিয়নে সারারিয়া বাজার, মাটিকাটা বাজার ও উত্তর জামশায় পর্যায়ক্রমে চলছে অবৈধভাবে মেলার নাম করে মাইকে ঘোষণা দিয়ে সারারাত জুয়া খেলা । সে সাথে চলছে পুতুল নাচের নাম করে অশ্লীল নৃত্য। বসানো হয়েছে মাদকের আসর। স্কুলের ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে এখানে সময় নষ্ট করছে এবং জুয়া আর পুতুল নাচে গিয়ে সর্বস্ব হারিয়ে বাড়ি ফিরছে । সে সাথে হারিয়ে ফেলছে নৈতিক চরিত্র। এছাড়া ধ্বংসের দিকে যাচ্ছে যুবসমাজ। যা নিয়ে অভিভাবকরা চিন্তিত। এলাকাবাসী জানান, বর্তমানে চলছে জেএসসি মডেল টেস্ট ও নির্বাচনী পরীক্ষা । আগামী ৪ নভেম্বর শুরু হবে জেএসসি ফাইনাল পরীক্ষা। অথচ এলাকার গুটি কয়েক খারাপ লোক প্রশাসনকে ম্যানেজ করে মেলার নাম করে লাকী কুপনের নামে জুয়া খেলা, পুতুল নাচের নামে নর্তকীদের অশ্লীল নৃত্য চালিয়ে যাচ্ছে।