পাকিস্তানে জঙ্গি নেতাকে টার্গেট করে হামলা, নিহত ১৫

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২০:৫৮
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী এক জঙ্গি নেতাকে টার্গেট করে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজাতি অধ্যুষিত ওরাকজাই অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তারা এ খবর জানান। নিরাপত্তা কর্মকর্তারা জানান, জঙ্গি নেতা নাবি হানাফিকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি তালেবান বিরোধী ছিলেন এবং সম্ভবত এ কারণেই এ হামলা হয়েছে। স্থানীয় সরকার প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, হানাফির আস্তানায় যখন হামলা চালানো হয় তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন না। কর্মকর্তা আরো বলেন, হামলাকারীরা প্রথমে হানাফির বাড়ির উঠানে গুলি চালায়। পরে একজন আত্মঘাতী হামলাকারী তার বাড়ির উঠানে গাড়ি নিয়ে ঢুকে নিজেকে উড়িয়ে দেয়। এ হামলায় হানাফি নিহত হয়েছেন কি না তা জানা যায়নি। তাত্ক্ষণিকভাবে এ হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই তালেবান এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা পর্বতবেষ্টিত প্রত্যন্ত খাইবার পাখতুন-খাওয়ায় বেশিরভাগ হামলায়ই তাদের মাধ্যমে হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলায় হানাফির আস্তানা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হানাফি একসময় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সহযোগী ছিলেন। পরবর্তীতে তিনি সেখান থেকে সরে এসে তালেবানের বিরুদ্ধে নিজের দল টিটিপি গড়ে তোলেন।