স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পাঁচ হাজারের বেশি কর্মচারীর পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের বিশেষ বেঞ্চে এ সংক্রান্ত রিট আবেদন তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেয়।
স্বাস্থ্য অধিদপ্তর ৯১৫ জনের নিয়োগের জন্য গত বছরের ২২ নভেম্বর একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এছাড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তর ৪ হাজার ২৯৪ জনকে নিয়োগের জন্য ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে চলতি বছরের ২১ মার্চ। এ দুটি নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ অবস্থায় গত ২৩ সেপ্টেম্বর এ নিয়োগ কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী আফতাব উদ্দিন সিদ্দিকী এবং নিয়োগ প্রার্থী তরিকুল ইসলাম ও আব্দুল্লাহিল মাহবুব হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট ওই নিয়োগ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে এবং সংশ্লিষ্ট বিজ্ঞাপনের মাধ্যমে গৃহীত নিয়োগের প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে সরকার পক্ষে গত ২৯ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করা হয়। সেদিন চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেন। একইসঙ্গে সরকারের স্থগিত আবেদনের উপর শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
গতকাল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে এ স্থগিত আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম এবং রিটকারী পক্ষে অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও অ্যাডভোকেট জহুরুল ইসলাম মুকুল শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি না করে সরকারের আবেদনটি নিষ্পত্তি করে দেয়।
