ঝাঁজ কমেনি পিঁয়াজের। একে তো দাম বেশি তারপর বিক্রেতাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে ক্রেতাকে শুনতে হয় বাঁকা কথা, দাম কমার কোন কারণ আছে? তবে ক্রেতাদের জন্য সুখবর, ভোজ্যতেল ও ডালের দাম কমতির দিকে। বৃহস্পতিবার রাজধানীর কাওরানবাজার, মহাখালী ও নিউমার্কেট বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন নিত্যপণ্যের দামের এই চিত্র পাওয়া যায়।
কাওরানবাজারের পাইকারী পিঁয়াজ ব্যবসায়ী লোকমান জানালেন, গতকাল মোকামে দেশি পিঁয়াজের পাল্লা ছিল ৩শ’ ৫০ টাকা আজ ৩শ’ ৬০ টাকা, আর আমদানিকৃত পিঁয়াজের পাল্লা ছিল ৩শ’ ৭০ আর আজ ৩শ’ ৮০ টাকা। গতকালের চেয়ে আজ দাম আরো বেড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল পিঁয়াজের পাইকারী বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭০ থেকে ৭২ টাকা ও আমদানিকৃত পিঁয়াজ ৭৫ থেকে ৭৬ টাকা দরে বিক্রি হয়। আর খুচরা বাজারে তা যথাক্রমে ৭৫ থেকে ৮০ টাকা ও ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়।
পিঁয়াজের দাম না কমা প্রসঙ্গে কাওরানবাজারের আরেক পাইকারী ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন বলেন, ব্যবসায়ী ও কৃষকদের কাছে দেশি পিঁয়াজের মজুদ বেশি নেই। অন্যদিকে ভারতের পিঁয়াজের দাম বেশির পাশাপাশি সরবরাহও কম। তাই দাম কমছে না। তবে কার্তিকের শেষের দিকে বাজারে নতুন পিঁয়াজ আসবে। তখন দাম কমবে।
এদিকে পিঁয়াজের ঝাঁজ না কমলেও দাম কমেছে ভোজ্যতেল ও মসুর ডালের। গতকাল বাজারে খোলা সয়াবিন প্রতি লিটার ১০১ থেকে ১০৩ টাকা এবং ১ লিটারের বোতল ১১৫ থেকে ১২০ টাকা দরে বিক্রি হয়। যা এক সপ্তাহ আগে ছিল যথাক্রমে ১০৩ থেকে ১০৬ টাকা ও ১১৮ থেকে ১২০ টাকা। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন বিক্রি হয় ৫৬৫ থেকে ৫৮৫ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ৫৭০ থেকে ৫৯০ টাকা।
দাম কমেছে মসুর ডালের। গতকাল বাজারে তুরস্ক/কানাডা থেকে আমদানি করা বড় দানা মসুর ৭৫ থেকে ৭৮ টাকা, মাঝারি দানা ৭৮ থেকে ৮২ টাকা, দেশি ১০০ থেকে ১০৫ টাকা ও নেপালী ১১৫ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়। কিন্তু এক সপ্তাহ আগে তুরস্ক/কানাডা বড় দানা মসুর ৭৫ থেকে ৮০ টাকা, মাঝারি দানা ৭৮ থেকে ৯০ টাকা, দেশি ১০৫ থেকে ১১৫ টাকা ও নেপালী ১২০ থেকে ১২৫ টাকা কেজি দরে বিক্রি হয়।
পিঁয়াজের মতোই চড়া সবজির বাজার। শুধুমাত্র আলু ছাড়া কোন সবজিই ৩০ টাকা কেজির নিচে নেই। গতকাল বাজার ভেদে বিভিন্ন প্রকারের সবজির মধ্যে করল্লা ৪০ থেকে ৪৫ টাকা, মূলা ৩০ থেকে ৩৫ টাকা, শশা ৩৫ থেকে ৪০ টাকা, টমেটো ৮০ থেকে ৯০ টাকা, বেগুন ৪৫ থেকে ৬০ টাকা, ঝিঙা ৩৫ থেকে ৪০ টাকা, মুখী ও পটল ৩০ থেকে ৩৫ টাকা, আলু ১৪ থেকে ১৫ টাকা, কাঁচামরিচ ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়।
