এরশাদের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:১৯
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে বিমানের রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা, বর্তমানে দুদকের উপ-পরিচালক মঞ্জুর আহমেদকে জেরা অব্যাহত রেখেছেন তার আইনজীবী। বৃহস্পতিবার এ সাক্ষিকে জেরা করেন এরশাদের আইনজীবী শেখ মো. সিরাজুল ইসলাম। এই নিয়ে তিনদিন তাকে জেরা করা হলো। এর আগে গত ১৯ সেপ্টেম্বর ও ১৪ আগস্ট তাকে জেরা করা হয়। ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. নরুল ইসলাম আগামী ৩১ অক্টোবর অবশিষ্ট জেরার জন্য দিন ধার্য করেন। সাক্ষ্যগ্রহণের সময় মামলার প্রধান আসামি এরশাদের পক্ষে তার আইনজীবী আদালতে হাজিরা দেন। মামলার অপর আসামি বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদ আদালতে হাজির ছিলেন। অপর আসামি একেএম মুসা আগে থেকেই পলাতক। ১৯৯৫ সালের ১২ আগস্ট এরশাদসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ১৯৯৮ সাল পর্যন্ত মামলাটি সুপ্রিম কোর্টের আদেশে স্থগিত ছিল। সাক্ষ্যগ্রহণের কোন বাঁধা না থাকলেও ২০০৯ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) বাদী আলী হায়দারকে আদালতে হাজির করেনি।