রমনা বটমূলে বোমা হামলা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফকে জেরা চলছে। গত বৃহস্পতিবার তাকে জেরার জন্য দিন ধার্য ছিল। এ নিয়ে প্রায় ১২ দিন তাকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। এখনও মুফতি হান্নানসহ ১০ জন আসামির জেরা বাকি রয়েছে।
জেরা শেষ না হওয়ায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন আগামী ২১ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন। তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শুরুর আগে মামলাটিতে আরও ৬০ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। সাক্ষ্যগ্রহণ চলাকালে মামলাটির প্রধান আসামি মুফতি আব্দুল হান্নানসহ ৮ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
২০০১ সালের ১৪ এপ্রিল ১ বৈশাখ ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে জঙ্গিদের বোমা হামলায় ১০ ব্যক্তি নিহত হন। ঐ ঘটনায় ২০০৮ সালের ২৯ নভেম্বর অধিকতর তদন্ত শেষে হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা আবু হেনা মো. ইউসুফ।
মামলার ১৪ আসামির মধ্যে মুফতি আব্দুল হা্ন্নান, আরিফ হাসান সুমন, শাহাদত উল্লাহ ওরফে জুয়েল, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আ: রউফ, মাওলানা সাব্বির ওরফে আব্দুল হান্নান সাব্বির ও মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ কারাগারে আছেন। মাওলানা আকবর হোসাইন ওরফে হেলালউদ্দিন জামিনে আছেন। এছাড়া আসামি মাওলানা মো: তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান, হাফেজ মাওলানা ইয়াহিয়া ও মুফতি আব্দুল হাই পলাতক আছেন।
