লোহাগড়ায় ভাঙনের মুখে বাড়ি মাদ্রাসা কবরস্থান

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৪
লোহাগড়ায় স্লুইস গেট নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খামখেয়ালির কারণে ১০টি বসতবাড়ি, সড়ক, মাদ্রাসা, কবরস্থান ও মূল্যবান গাছপালা মধুমতী নদী ভাঙনের মুখে পড়েছে। নির্মাণাধীন স্লুইস গেটটির কাজ শেষ হওয়ার আগেই দেয়ালে ফাটল ধরেছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। মধুমতী নদীর সঙ্গে কোটাকোল ইউনিয়নের ধলইতলা খালের সংযোগ ঘটাতে এ স্লুইস গেট নির্মাণ করা হয়। জানা গেছে, স্লুইস গেটটি নির্মাণে ১ কোটি ৫৮ লাখ ২৮ হাজার ৭৮৩ টাকা বরাদ্দ দেয় পাউবো। ২০১১ সালের ৮ ডিসেম্বর কাজ শেষ হওয়ার কথা ছিল। পরে চলতি বছর জুন মাস পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়। সরেজমিনে দেখা গেছে, দু’পাশের সংযোগ সড়ক এখনো করা হয়নি। উত্তর-দক্ষিণমুখী স্লুইস গেটটির দক্ষিণ পাশের (মধুমতী নদীর দিকের) পশ্চিম দেয়ালে উপর থেকে নিচ পর্যন্ত ফাটল ধরেছে। দেয়ালের ধস রক্ষা করতে বাঁশ বাঁধানো হয়েছে। স্লুইস গেটটির উত্তর পাশে ধলইতলা খালের উভয় পাড়ের ১০টি বসতবাড়ি, সড়ক, নূরানী মাদ্রাসা, কবরস্থান ও মূল্যবান গাছপালা ভাঙনের মুখে পড়েছে। এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সৈয়দ মেজবাউদ্দোজা বলেন, যাতায়াতের রাস্তা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে স্লুইস গেট নির্মাণ করা হয়েছে। ফলে পানির চাপ বেড়ে যাওয়ায় এসব বাড়ির সামনে ভাঙন শুরু হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ব্যবস্থাপক মাহফুজুর রহমান খান বলেন, দেয়ালের পাশে ১৬ ফুট উচ্চতায় বালু দেয়ায়, বালুর চাপে দেয়ালে ফাটল ধরেছে। এটা কোনো সমস্যা নয়। পাউবোর নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার বলেন, খালে পানি ধরে রাখতে পানির গতি বাড়াতে খাল চওড়া করা হয়।