কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনা ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন। হুজুরদের বেতন বাড়িয়েছেন। সবচেয়ে বড় কথা ৭৮ বছর যাবত্ এই পাক-ভারত উপ-মহাদেশের আলেম-ওলামাদের একটি দাবি ছিল - আরবী ভাষায়, কোরআনের ভাষায় একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এতো দিন কেউ করেনি। শেখ হাসিনা আইন পাস করছেন, আলহামদুলিল্লাহ্ - সেটাও হবে। কাজেই আওয়ামী লীগের সময়ই ইসলাম বেশি নিরাপদ।
মন্ত্রী গতকাল শুক্রবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল বাজারে শিক্ষার্থী ও বয়স্কদের মাঝে বস্ত্র বিতরণকালে আয়োজিত সভায় এসব কথা বলেন। বিদ্যুতের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ, শেখ হাসিনা যদি থাকে - তাহলে মানুষকে বিদ্যুতের পিছনে ছুটতে হবে না। বিদ্যুত্ই এসে বলবে আমারে নাও। টিআর এর টাকায় চলমান উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, টিআর আসে আপনাদের ট্যাক্সের পয়সায়। সেই টিআরের টাকা আমি আপনাদের উন্নয়নের কাজে লাগাই। এটা করা ভালো, না টিআর দিয়া ইফতার পার্টি করা ভালো। টিআর এর টাকায় আমি বুড়ি ভোগাই নদী খনন করছি। এইটা করা ভালো, নাকি আমি কিছু লোককে ‘পাইল্লা-পুইষ্যা খাসি’ বানাবো সেটা ভালো।
