ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আহমেদ (৩০)। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক অবস্থার অবনতি দেখে সোহেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এ ঘটনায় আহত হয়েছেন দু’পক্ষের আরো অন্তত ২০ নেতাকর্মী।
শুক্রবার বিকালে নতুন বান্দুরা বটতলা সিনেমা হল সংলগ্ন উপজেলার বান্দুরা ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার ওসি মাসুদ করিম বলেন, দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আহম্মেদ আহত হন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
