জাতীয় পার্টির (এরশাদ) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশ আজ ভয়াবহ সংকটে নিমজ্জিত। আগামীতে কি হবে তা কেউ জানে না। যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। সব দলের অংশগ্রহণ ছাড়া কোন এক তরফা নির্বাচনে জাপা অংশ নেবে না। তিনি বলেন, দেশে শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে পালা বদলের শাসনে পরিবর্তন আনতে হবে। সামনে অন্ধকার। বড় দুই দলের কবল থেকে মুক্তি পেতে হলে জাপা ছাড়া বিকল্প নেই। তিনি শুক্রবার হবিগঞ্জ নিউফিল্ডে জেলা জাপা আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দানকালে একথা বলেন।
হবিগঞ্জ জেলা জাপা সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন কাজী জাফর আহমেদ, জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন বাবলু, ব্রিঃ জেঃ (অবঃ) মাহমুদ হাসান, নবাব আলী আব্বাস এমপি প্রমুখ।
এরশাদ আরো বলেন, রাষ্ট্র ধর্ম ইসলাম করেছিলাম তা বহাল আছে। মসজিদের বিদ্যুত্ ও পানির বিল মওকুফ করেছিলাম বর্তমানে তা নেই। ক্ষমতায় গেলে আবার তা মওকুফ করা হবে। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের ৫শ’ নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।
