চলতি বছর নোবেল পুরস্কারের ঘোষণা শুরু হবে সোমবার। অন্যান্য বছরের মতো এবারও এর শুরু চিকিত্সা বিজ্ঞান দিয়ে। তবে নোবেলের মর্যাদাপূর্ণ ও অত্যন্ত কৌতুহলোদ্দীপক পুরস্কার শান্তি ও সাহিত্য। ঘোষণার আগ থেকেই এ দুটি পুরস্কার নিয়ে জল্পনা কল্পনার অন্ত থাকে না। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। খবর এএফপির।
জানা গেছে শান্তি পুরস্কার নিয়ে নানা জল্পনার মধ্যে সবচে’ এগিয়ে আছে পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফ জাই। তার নোবেল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জল্পনা শুরু হয়েছে। এছাড়া কঙ্গোর ডাক্তার ডেনিস মুখজেসহ রাশিয়া অথবা বেলারুশের মানবাধিকার কর্মীদের নামও শোনা যাচ্ছে। যদিও চলতি বছর শান্তিতে নোবেলের জন্য ২৫৯ জন মনোনীত হয়েছেন, যা একটা রেকর্ড । নোবেল কমিটি সোমবার চিকিত্সা বিজ্ঞানে নোবেল প্রাপ্ত ব্যক্তির নাম ঘোষণা করবে। ১০ ও ১১ অক্টোবর ঘোষণা করবে যথাক্রমে সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তের নাম।
পিস রিসার্চ ইনস্টিটিউট অব অসলো’র প্রধান ক্রিশটিয়ান বার্গ হার্পভিকেন বলেন, শান্তিতে নোবেল পুরস্কারের ক্ষেত্রে এবার টপলিস্টে আছে মালালা। তিনি বলেন, তিনি কেবল নারী ও শিশুদের শিক্ষা ও নিরাপত্তার অধিকারের প্রতীক নন বরং তিনি চরমপন্থী ও দমনপীড়নের বিরুদ্ধে লড়াইয়েরও প্রতীক। কিন্তু অন্যরা বলছেন, এ পুরস্কারের ভার ১৬ বছরের মালালার পক্ষে বহন করা কি সম্ভব? স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান টিলমান ব্রুয়েকের মতে, মালালার জন্যে পুরস্কারটি উপযুক্ত কিনা আমি ঠিক নিশ্চিত নই। একজন শিশুকে এ ধরণের পুরস্কার দেয়া কতোটুকু নীতিসিদ্ধ আমি জানিনা। উল্লেখ্য পাকিস্তানে নারী শিক্ষার পক্ষে প্রচারকারী মালালা জঙ্গিদের শিকারে পরিণত ও হামলার শিকার হয়। ইংল্যান্ডে চিকিত্সা শেষে সে সুস্থ হয়।
