আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনে জনগণ যদি ভোট দিতে ভুল করে তাহলে দেশে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। কোনোভাবে স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে অপরাধীদের মুক্ত করে দেবে। বৃহস্পতিবার বিএনপি নেতাদের বক্তব্যের মধ্য দিয়েই এটাই প্রমাণিত হয়েছে।
গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীতে আওয়ামী লীগের সাবেক সভাপতি ও স্পীকার আব্দুল মালেক উকিলের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, আমাদের ছোটখাটো ভুল-ত্রুটি থাকতে পারে, সেটা ভুলে গিয়ে স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। ‘নির্বাচনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৬ সদস্যের মন্ত্রিসভা’ মর্মে গত শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে তার বরাত দিয়ে প্রকাশিত সংবাদ সম্পর্কে তিনি বলেন, ‘আমি শুক্রবার যে বক্তব্য দিয়েছি তা সঠিক ভাবে প্রচারিত হয়নি। আমি বলেছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে ছোট মন্ত্রী সভা হবে। আর এই মন্ত্রিসভা গঠনের বিষয়টি একমাত্র প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত। ১৬ সদস্যের মন্ত্রিসভা হবে এমন কথা আমি বলিনি এবং বলার প্রশ্নই আসে না।’ মালেক উকিলের স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৫ আগস্টে ঘাতকদের হাতে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদত বরণের পর মালেক উকিল আওয়ামী লীগের হাল ধরেন। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণ করেন।
সংগঠনের সহসভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক সৈয়দ হাসান ইমাম, মালেক উকিলের ছেলে বাহাউদ্দিন খেলন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পদক অরুন সরকার রানা প্রমুখ।
