জাবিতে দুই পক্ষই অনড়

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২২:৩৮
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থান অব্যাহত রয়েছে। ভিসি ও শিক্ষকরা নিজেদের অবস্থানে এখনও অনড় রয়েছেন। রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রার পঞ্চম দিনের মতো গতকাল শুক্রবারও অবরুদ্ধ ছিলেন। এদিকে আজ শনিবার ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে ‘শিক্ষার্থী অধিকার মঞ্চ’ আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। জানা গেছে, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সরকার কি সিদ্ধান্ত নেয় তার উপরই নির্ভর করছে দেশের একমাত্র আবাসিক এ বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসন। তাই এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি পদক্ষেপ নেয়া হয় - সেদিকেই তাকিয়ে আছেন সবাই। গতকাল শুক্রবার বিকাল চারটার দিকে ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনকারী ‘শিক্ষক ফোরাম’ এর নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে জানান, জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলায় তারা মর্মাহত। তবে সংকট নিরসনে তারা আলোচনায় বসতে আগ্রহী। সংবাদ সম্মেলন থেকে আজ শনিবার সকাল এগারটার দিকে ভিসির বাসভবনের সামনে প্রতিবাদী সমাবেশের ঘোষণা দেয়া হয়। এদিকে ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনও তার অবস্থানে অনড় রয়েছেন। শিক্ষকরা তার বাসার সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার না করলে তিনিও অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ডিন নিয়োগের অবৈধ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে টানা পঞ্চম দিনের মতো রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান আন্দোলনকারী শিক্ষকদের দ্বারা অবরুদ্ধ হয়ে আছেন। এর প্রতিবাদে আজ শনিবারও অফিসার্স সমিতি কর্মবিরতি পালন করবে বলে জানা গেছে।