আর দশটা দিনের মতোই ব্যস্ত আরেকটি দিন শুরু করেছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিলিকন ভ্যালির অধিবাসীরা। গোটা দুনিয়ার তথ্যপ্রযুক্তি অঙ্গনে আলাদা একটি অবস্থান থাকার কারণে প্রতিদিনের মতো সেদিনও শহরের ব্যস্ত একটি হাইওয়ে ধরে ছুটে চলছিলেন নানা কাজে আর নানা গন্তব্যে রওনা দেওয়া মানুষেরা। কিন্তু এরই মাঝে সবাইকে চমকে দিয়ে ব্যস্ত হাইওয়ের খুব নিচু দিয়ে উড়তে দেখা গেল মাঝারি আকৃতির একটি প্রশিক্ষণ বিমানকে। প্রথমটায় পাইলটের ভুলে মারাত্মকভাবে উড়ে যাওয়া কোনো বিমান ভেবেই আতংকিত হয়ে উঠেছিলেন অনেকে। তবে তাদের এই আতংকের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়ে একসময় ব্যস্ত সড়কের ডান দিকের লেন ঘেঁষেই অবতরণ করে বিমানটি। পুরো দৃশ্যটি দেখে একে যদি কেউ হলিউডি মুভির সুপরিকল্পিত কোনো দৃশ্য বলে ভেবে নিতেন তাহলে তাকে হয়তো দোষ দেবার কিছু ছিল না। কিন্তু আদপে সেদিন এ ধরনের কোনো মজার ঘটনার কারণে নয়, বরং বাস্তবিক অর্থেই ভীষণ বিপদে পড়ে বহু মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এই সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছিলেন এমেলিয়া রেইড এভিয়েশন এলএলসি নামের একটি বিমান উড্ডয়ন প্রশিক্ষণ স্কুলের পাইলট। তিনি জানান, উড্ডয়নের কিছু সময় পরেই বেশ ক’জন শিক্ষার্থীসহ দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে তাদের বেলানকা সেভেন ইসি-এ মডেলের বিমানটি। আর এ অবস্থায় প্রাণ বাঁচানোর তাগিদে সিলিকন ভ্যালির চওড়া হাইওয়েকেই বিমান অবতরণের জন্য বেছে নেন বেলানকা বিমানটির দক্ষ পাইলট। এমনকি ট্রাফিক পুলিশের সহায়তা পৌঁছুবার আগে সফলভাবে ব্যস্ত রাস্তায় চলতে থাকা অন্যান্য যানবাহনের মাঝে বিমানটিকে অবতরণও করাতে সক্ষম হন তিনি। বলা বাহুল্য, পাইলটের এই দক্ষতা যার পর নাই বিস্মিত করেছে স্যান জোসের পুলিশ বিভাগকেও। বিমানে কিংবা মাটিতে কেউ হতাহত হয়নি নিশ্চিত করে তারা জানিয়েছেন, এ ধরনের দৃষ্টান্ত আমেরিকার বিমান উড্ডয়নের ইতিহাসেই খুব বিরল। যদিও পাইলটের এই সাফল্য আর অভাবনীয় দৃশ্যের অবতারণা অনেককে স্বস্তি দিলেও বিমান নিরাপত্তায় এমেলিয়া রেইড এভিয়েশনের ভূমিকা ভালোভাবেই তদন্তের মুখোমুখি হতে যাচ্ছে।
