চট্টগ্রামের লোহাগাড়াস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এবং উপজেলার বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে চলছে বডিতে লেখা চট্টগ্রাম থ- ১২ নম্বরের শত শত সিএনজি অটোরিক্সা। এসব যানবাহনের লাইসেন্স এবং চালকদের দক্ষতা নিয়ে সর্বমহলে প্রশ্ন উঠেছে। চালকের আসনে রয়েছে অদক্ষ ও লাইসেন্স বিহীন রিক্সা ও ভ্যান চালকরা। অভিযোগ রয়েছে কিছু অসাধু শ্রমিক দালাল ও ট্রাফিক পুলিশের সহায়তায় এসব যানবাহন চলছে। ফলে ঘটছে দুর্ঘটনা এবং সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব। লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব মামুন-অর-রশিদ চৌধুরী জানান, অর্থের লোভে অটোরিক্সা শ্রমিক সমিতির কিছু অসাধু শ্রমিক দালাল ট্রাফিক পুলিশের সহায়তায় অদক্ষ চালক দিয়ে রেজিষ্ট্রেশনবিহীন অটোরিক্সা চলাচলের সুযোগ করে দিয়েছে। এসব যানবাহনের চালক ও হেলপারের আসনে রয়েছে শিশুসহ অদক্ষরা। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান জানান, তাঁর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গত সপ্তাহে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ২৪টি সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে মামলা রুজু করে। তিনি লাইসেন্সবিহীন এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
