শুক্রবার রাতে ও শনিবার সকালে দেশের তিনটি স্থানে ডাকাতি হয়েছে।— খবর ইত্তেফাক সংবাদদাতাদের।
গফরগাঁও (ময়মনসিংহ)
ময়মনসিংহের গফরগাঁওয়ে গত শুক্রবার রাতে গাছ ফেলে সড়কে ব্যারিকেট দিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল পথচারী ব্যবসায়ীদের মারধরসহ একটি মোটর সাইকেল ভাংচুর করে। মশাখালী ইউনিয়নের মুখী-মশাখালী সড়কের বলদী কাজলাবন এলাকায় রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাস্তায় ব্যারিকেট দিয়ে ২০-২৫ জনের মুখোশধারী একদল ডাকাত বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সর্বস্ব কেড়ে নেয়। এ সময় টাকা বের করে দিতে দেরি হওয়ায় ডাকাতরা এক মোটর সাইকেল আরোহীকে মারধর করে তার সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার পর মোটর সাইকেলটি রামদা দিয়ে কুপিয়ে ভাংচুর করে। এ ব্যাপারে পাগলা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, স্থানীয় চেয়ারম্যান সেলিম আহম্মেদ শনিবার ফোন করে বিষয়টি অবহিত করেছেন।
অভয়নগর (যশোর)
যশোরের অভয়নগরে আলেয়া ফিলিং স্টেশনে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা পেট্রোল পাম্পের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে। শনিবার ভোররাতে এ ডাকাতির ঘটনা ঘটে। অভয়নগর থানায় মামলা হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ কাজী আব্দুস ছালেক বলেন, আলেয়া ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে।
উখিয়া (কক্সবাজার)
ঈদকে সামনে রেখে আন্তঃজেলা সশস্ত্র ডাকাত দল ফের সক্রিয় হয়ে উঠেছে। এসব ডাকাত দল কক্সবাজার-টেকনাফ ৭৯ কিলোমিটার সড়কের কোন না কোন স্থানে প্রতি রাতে যানবাহনে তান্ডব চালিয়ে যাত্রীদের নির্যাতন করে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে। শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ১৮/২০ জনের সশস্ত্র ডাকাত দল এ সড়কের পানের ছড়া ঢালায় বেরিকেট দিয়ে উভয়দিক থেকে আসা প্রায় অর্ধ শতাধিক বিভিন্ন যানবাহনে ঘণ্টাব্যাপী তান্ডব চালিয়ে নগদ টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুটপাট করে। এ সময় ডাকাতের এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাতে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশের ইনচার্জ সরওয়ার আলম জানান, তিনি ছুটিতে ঢাকায় অবস্থান করছেন।
