জাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২ নভেম্বর

আপডেট : ০৫ অক্টোবর ২০১৩, ২২:২৮
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে কালো পতাকা মিছিল, কুশপুত্তলিকা দাহ ও প্রতিবাদ সমাবেশ করেছেন আন্দোলনরত শিক্ষকরা। অন্যদিকে ভিসিও নিজ অবস্থানে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করছেন। নানা জটিলতায় প্রশাসনিক কার্যক্রম এক প্রকার বন্ধ অবস্থার মধ্যেও ভর্তি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকরা সকালে ভিসির বাসভবনের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করেন। পরে তারা ভিসির কুশপুত্তলিকা দাহ করেন। আন্দোলনকারী শিক্ষকদের পক্ষে ৩৯৫ জন শিক্ষক এক বিবৃতিতে ভিসির পদত্যাগ দাবি করেন। তবে ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন শিক্ষকদের অবস্থানের প্রতিবাদে নিজ অবস্থান অব্যাহত রাখেন। ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে যোগদানের জন্য তিনি প্রশাসনিক ভবনেও যান। সাধারণ শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী জানান, ভিসির পদত্যাগেই এ সংকট সমাধান হতে পারে। ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন জানান, শিক্ষকদের অবস্থান শেষ হলেই তার অবস্থান তিনি তুলে নিবেন। এদিকে টানা ষষ্ঠ দিনের মতো অবরুদ্ধ হয়ে আছেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও ডেপুটি রেজিস্ট্রার (টিচিং) মো. আবু হাসান। রেজিস্ট্রারকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করার জন্য দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছে অফিসার সমিতি। ডিন নিয়োগ বন্ধ রাখার দাবিতে সোমবার দুপুর থেকে এখনো পর্যন্ত নিজ কার্যালয়ে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষকরা। রেজিস্ট্রার অবরুদ্ধ থাকা, অফিসার সমিতির কর্মবিরতি, ভিসি ও শিক্ষকদের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচির কারণে ভেঙে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক শৃঙ্খলা। গত পাঁচ দিন ধরে কোন প্রশাসনিক কর্মকাণ্ড হয়নি বললেই চলে। ভেঙে পড়েছে শিক্ষা কার্যক্রমও। এ অবস্থার মধ্যেই গতকাল বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষা বর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, আগামী ২ নভেম্বর থেকে ৯ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার সকল অনুষদে ‘বিভাগভিত্তিক’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি বিভাগের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ফি ১৫০ টাকা। ভর্তির রেজিস্ট্রেশন করার নিয়মাবলী ও ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্যাবলী দৈনিক সংবাদপত্র ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu -এ পাওয়া যাবে।