মালিবাগে দুই হাতের রগ কেটে গৃহবধূ খুন

আপডেট : ০৫ অক্টোবর ২০১৩, ২২:৩৭
রাজধানীর খিলগাঁও থানার মালিবাগের প্রভাতিবাগে সোনিয়া আক্তার ছবি (৩০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। পুলিশ গতকাল শনিবার সকালে ১৫৪/এ, ৪ তলা বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ২ হাতের রগ কাটার পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর নিহতের স্বামী একেএম মাহফুজুল হক ও দেবর এহসানুল হককে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, তার এক গালে ছুরি দিয়ে আঘাত ও গলায় শ্বাসরোধের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। নিহতের বাবা আতাহার আলী হাওলাদার অভিযোগ করে বলেন, আমার মেয়ের স্বামী মাহফুজুল হক একজন গার্মেন্টস ব্যবসায়ী। প্রভাতিবাগের ১৫৪/এ নম্বর বাড়ির মালিক আমি। সম্প্রতি গার্মেন্টস ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায় মাহফুজুল স্ত্রীর কাছে ১ কোটি টাকা যৌতুক দাবি করে। আমি এ যৌতুকের দাবি শোনার পর টাকা দেয়া হবে বলে আশ্বস্ত করি। কিন্তু এর আগেই আমার মেয়েকে হত্যা করা হলো। পল্লবীতে নির্মাণ শ্রমিকের মৃত্যু রাজধানীর পল্লবীতে যমুনা বিল্ডার্সের একটি নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে হোসেন আলী (৩০) নিহত হয়েছেন। পুলিশ জানায়, নির্মাণাধীন ঐ বাড়ির ছাদে হোসেন আলী ঘুমাতেন। ঘুমন্ত অবস্থায় গত শুক্রবার রাতে কোনো এক সময় গড়িয়ে ছাদ থেকে নিচে পড়ে গেলে তার মৃত্যু হয়।