সাভারে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম আয়শা আক্তার আশা (১৭)। নিহত আশা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার জয়পুর গ্রামের নুরুজ্জামানের মেয়ে এবং সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো গ্রামের নুর ইসলামের স্ত্রী।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরের পর থেকে আয়শাকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা সন্ধ্যায় তাকে খুঁজতে গিয়ে তার ঘরের দরজা বন্ধ দেখতে পায়। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে আশার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার পর থেকে বাড়ির বাকি সদস্যরা পলাতক রয়েছে ।
নিহতের ফুফাতো বোন মুন্নি অভিযোগ করেন, যৌতুকের দাবিতে শ্বশুর বাড়ির লোকজনেরা আয়শাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, প্রাথমিকভাকে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহটি ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
