যুবদল নেতা বাশার হত্যা

বড়াইগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল পালন

আপডেট : ০৫ অক্টোবর ২০১৩, ২২:৩৯
নাটোরের বড়াইগ্রাম থানা যুবদলের সহ-সভাপতি আবুল বাশারকে হত্যার প্রতিবাদে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল মিছিল মিটিং ও যানবাহন ভাংচুরের মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার দুপুরে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে নিহত যুবদল নেতা বাশারের কর্মস্থল ও তার নিজ গ্রামের মেরিগাছা হাইস্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে এক সমাবেশে ১৮ দলীয় জোটের নেতারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। গতকালের হরতালের সমর্থনে শুক্রবার রাতে বনপাড়া বাজারে বিএনপির মিছিলকে কেন্দ্র করে বিএনপি-আওয়ামী লীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় সংগঠনের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়। আবুল বাশার হত্যার ঘটনায় তার ভাই ফাইজুল বাশার বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করবেন বলে জানা গেছে। শনিবার সকালে হরতালের সমর্থনে বড়াইগ্রাম পৌর শহরের মৌখাড়া হাটে থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তায়েদুল বুলুর নেতৃত্বে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রদল নেতাকর্মীরা। বনপাড়া বাইপাস এলাকায় দুটি ট্রাক এবং রয়না ভরট হাটে ৫টি সিএনজি পিকআপ ও ট্রাক ভাংচুর করে পিকেটাররা। হরতালের কারণে দূরপাল্ল¬¬ার কোন বাস-ট্রাক চলাচল করতে পারেনি। বন্ধ থাকে ব্যবসা প্রতিষ্ঠান।