কম্পিউটারকে যখন বেশকিছু নির্দেশ দেওয়া হয় তখন সেই নির্দেশমালাকে আমরা বলি প্রোগ্রাম। আর যারা এই নির্দেশমালা তৈরি করেন তারাই প্রোগ্রামার। বুদ্ধিদীপ্ত অ্যালগোরিদম ব্যবহার করে লেখা প্রোগ্রামের ভিতর লুকিয়ে থাকে আশ্চর্য শৈল্পিক সৌন্দর্য, যা উপভোগের অধিকার শুধুই প্রোগ্রামারদের। একজন প্রোগ্রামার তার বিচক্ষণতার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম, হিসাব-নিকাশ, ডাটা এন্ট্রি থেকে শুরু করে প্রতিষ্ঠানের যাবতীয় অনলাইন প্রচার-প্রচারণায় অংশ নেয়। এই সেক্টরে সফল তেমনই একজন মেধাবীর কাছে জানব এ পেশায় সফল হওয়ার ক্ষেত্রে তার পরামর্শ
এসএম শরিফুল আলম
সিনিয়র ম্যানেজার, আইসিটি,
ইস্টার্ন ব্যাংক লিমিটেড
এইচএসসিতে যশোরবোর্ডে প্রথম স্থান অধিকার করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে পড়াশোনা শেষ করেন তিনি। সরাসরি আইটি বা প্রোগ্রামিংয়ের সাথে সখ্যতা না থাকলেও পরবর্তীতে এই ক্ষেত্রেই অভিজ্ঞতায় নিজেকে দাঁড় করিয়েছেন অনন্য এক অবস্থানে। শুরু থেকেই আছেন তিনি ইস্টার্ন ব্যাংকের সাথে। সেখানে তিনি একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, সেই সাথে কোর ব্যাংকিং ডিভিশনের সিনিয়র ম্যানেজার। এই পেশায় সফল হতে তার পরামর্শ জানতে চাইলে শরিফুল বলেন, ‘এই কাজে ভালো করতে হলে সবার আগে দরকার ধৈর্য, তা না হলে টিকে থাকা খুব মুশকিল। তবে আমাদের দেশে এই পেশায় ক্যারিয়ার গড়ার অনুকূল পরিবেশ রয়েছে।’ নতুন প্রোগ্রামারদের কাজের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘তাদের অনেকেই বেশ ভালো করছে। তবে সাফল্য অব্যাহত রাখতে দরকার সঠিক গাইডলাইন আর নিজেকেই নিজে ছাপিয়ে যাওয়ার চেষ্টা। এই প্রবণতা তরুণদের মাঝে আছে। আর নিজের কাজের প্রতি ভালোবাসা থাকলে সে আসলে নিজের জগতে থেমে থাকে না। তাকে কেউ আটকেও রাখতে পারে না।’
