ফ্লাই এ্যাশ মুক্ত আকিজ সিমেন্ট শীঘ্রই দেশের বাইরে রপ্তানি হতে যাচ্ছে। ২০০২ সালে যাত্রা শুরু করার পর আইএসও, বিএসটিআই, বুয়েটের অনুমোদনসহ আন্তর্জাতিক মান অর্জন করেছে আকিজ সিমেন্ট। সম্প্রতি বন্দর নারায়ণগঞ্জে অবস্থিত আকিজ সিমেন্ট কারখানায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে এ তথ্য জানান কারখানার মহাব্যবস্থাপক এসএম অনিকেত সেলিম। কারখানার উপ-মহাব্যবস্থাপক (সেলস এন্ড মার্কেটিং) ফজলে রাব্বি ওসমানী, ব্র্যান্ড ম্যানেজার পেয়ার আহমেদ তুষার এসময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জানানো হয়, ভার্টিক্যাল রোল মিল বা ভিআরএম এর মাধ্যমে তৈরি এই সিমেন্ট ফ্লাই এ্যাশ এর অনুপস্থিতি এবং সর্বাধুনিক প্রস্তুত প্রক্রিয়ার কারণে তা পরিবেশ বান্ধব। সিমেন্ট কার্বন ডাই অক্সাইডের একটি অন্যতম বৃহত্ উত্স হলেও ফ্লাই এ্যাশ ফ্রি আকিজ সিমেন্ট উত্পাদনে অন্য সিমেন্টের তুলনায় ৪০% কম কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। পাশাপাশি ৪৫% লাইমস্টোন সাশ্রয় হয়। আকিজ সিমেন্ট উত্পাদনে ক্ষতিকর ফ্লাই এ্যাশ ব্যবহূত না হওয়ায় অত্যন্ত ক্ষতিকারক আর্সেনিক, ক্যাডমিয়াম ও ক্রোমিয়াম পরিবেশে মিশে গিয়ে মানব দেহ ও পরিবেশের ক্ষতি সাধন করতে পারে না। এসময় আরো জানানো হয়, আকিজ সিমেন্টই বাংলাদেশে সর্বপ্রথম ভার্টিক্যাল রোল মিল স্থাপন করেছে যা বর্তমান বিশ্বের সর্বাধুনিক পরিবেশ-বান্ধব সিমেন্ট উত্পাদন প্রযুক্তি।
