কোরবানির ঈদ মানেই মাংসের হরেক রকম আয়োজন। তবে তার আগে চাই মাংসগুলো সাইজ করে কেটে নেওয়া আর সেই কাটাকুটির জন্য আপনার প্রয়োজন নানারকম যন্ত্রপাতি। এর মধ্যে রয়েছে চপার, স্লাইসার, ছুরি, শিক, চাপাতি, হ্যামার, ইলেকট্রিক গ্রিল, দা, বটি প্রভৃতি। এগুলো পাওয়া যাবে সব কামারশালা আর ক্রোকারিজের দোকানগুলোতে। কামাররা ঈদের আগেই এগুলো বেশি তৈরি করে রাখে, আপনি চাইলে অর্ডার দিয়েও তৈরি করে নিতে পারেন। সে ক্ষেত্রে নিজের সুবিধামতো সাইজে পাবেন। নিচে প্রধান কয়েকটি আইটেমের খোঁজ জানিয়ে দিচ্ছি আমরা।
চাপাতি :কোরবানির পশুর মাংস কাটার জন্য যে জিনিসটির সবচেয়ে বেশি দরকার সেটি হলো চাপাতি। বিশেষত গরুর হাড় অনেক শক্ত হওয়ায় চাপাতি দিয়েই তা কাটা হয়। চাপাতি আপনি কামারের দোকানগুলোতেই পাবেন। দাম ২০০-৬০০ টাকার মতো। আর যদি অর্ডার দিয়ে একটু ভালো করে বানাতে চান সে ক্ষেত্রে দাম পড়বে ৫০০-৮০০ টাকার মধ্যে। আর আপনার পুরোনো চাপাতি থাকলে সেটিকে কামারের কাছে গিয়ে ধার করিয়ে নিতে পারেন। তবে আপনার কসাইয়ের সাথে ঠিক করে নিন চাপাতি সে কতগুলো আনবে, আর আপনার নিজের জন্যই বা কতগুলো দরকার। অনেক সময় চুক্তি অনুযায়ী কসাইরাই সব মাংস কেটেকুটে প্রস্তুত করে দিয়ে যায়, সে ক্ষেত্রে আপনাকে চাপাতির মতো ভারী যন্ত্র জোগাড় না করলেও চলবে।
ছুরি :পশুর চামড়া ছুরি ছাড়া ছাড়ানো যায় না। অন্য কিছু দিয়ে ছাড়াতে গেলে চামড়া ও মাংস দুটোই নষ্ট হয়ে যেতে পারে। আপনি যেকোনো ক্রোকারিজের দোকানেই ছুরি পাবেন, যেগুলো সাধারণত স্টিলের তৈরি। তবে চামড়া ছাড়ানোর জন্য কামারের তৈরি ছুরিই উপযোগী বেশি। এ ক্ষেত্রেও আপনি দুই রকম ছুরি পাবেন, আগে থেকে তৈরি অথবা অর্ডার দেওয়া। অর্ডার দিয়ে তৈরি করাতে গেলে খরচ পড়বে ১০০-৩০০ টাকার মধ্যে, আর তৈরিকৃতগুলোর দাম পড়বে ৫০-১৫০ টাকার মতো।
দা :মাংস ছোট করে কাটার জন্য দা অবশ্যই লাগবে। এটাও খোঁজার জন্য দৌড়াতে হবে কামারের কাছে। তাদের তৈরিকৃতগুলো পাবেন ১৫০-৩০০ টাকার মধ্যে, নিজে অর্ডার দিয়ে ভালো করে বানাতে চাইলে গুণতে হবে ২০০-৪০০ টাকা।
বটি :মাংস কাটার জন্য আপনার জরুরি আর একটি জিনিস হচ্ছে বটি। এটি সবার বাসায় থাকার কথা। আর থাকলেও সেটি মনে করে ধার করিয়ে নিন। এতে কোরবানির মাংস কাটতে সুবিধা হবে। আর নতুন কিনতে চাইলে আকারভেদে দাম পড়বে ১০০-৩০০ টাকার মধ্যে।
চপিং বোর্ড :মাংস ছোট করে কাটার জন্য চপিং বোর্ড দরকার। প্লাস্টিক অথবা কাঠের তৈরি চপিং বোর্ড পাওয়া যায়। প্লাস্টিকের তৈরিগুলোর দাম পড়বে ৫০-২০০ টাকার মধ্যে। কাঠেরগুলো নিজে অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারেন। এগুলো টেকসই হবে, দাম একটু বেশি পড়বে, এই ধরুন ৩০০-১০০০ টাকা।
কোথায় পাবেন :রাজধানীর কাওরান বাজার, যাত্রাবাড়ী, হাজারীবাগ, বাসাবো, তালতলা, মোহাম্মদপুর, মিরপুর, বক্সীবাজারসহ বিভিন্ন স্থানের কামারের দোকানগুলোতে। দেশের প্রতিটি জেলা, উপজেলার ছোট ছোট হাটবাজারেও পাবেন নিত্য প্রয়োজনীয় এই সামগ্রীগুলো।
