নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় শনিবার ভোররাতে এক বখাটের অনৈতিক কাজ দেখে ফেলায় সাতপাই রেল কলোনিতে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ খুন হয়েছেন। নিহতের নাম শাহিনুর আক্তার (২৩)। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। তবে খুনি একই কলোনির ইদ্রিস মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০) পলাতক রয়েছে।
শাহিনুর আক্তারের স্বামী আব্দুস সালাম জানান, সেহরির সময় শাহিনুর পানি আনতে বাড়ির পাশের নলকূপের কাছে যায়। তখন পাশের অন্য একটি ঘরে সোহেল এক গৃহবধূর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত ছিল। এ ঘটনা দেখে শাহিনুর তাদের সঙ্গে তর্কে জড়ায়। এক পর্যায়ে সোহেলের চুরিকাঘাতে তার মৃত্যু হয়।
নেত্রকোনা মডেল থানার এসআই নূরুল ইসলাম জানান, অভিযুক্ত সোহেল পলাতক রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহেলের বাবাসহ ওই কলনির সাতজনকে আটক করা হয়েছে।
