গণতন্ত্র শক্তিশালী করতে সবার অংশগ্রহণে নির্বাচন দরকার

আপডেট : ০৭ অক্টোবর ২০১৩, ২২:৫৪
বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কনসে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণে সংসদ নির্বাচনের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী করতেই এ ধরনের নির্বাচন দরকার। গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে জার্মান একত্রীকরণ দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনায় রাষ্ট্রদূত একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ ও জার্মান উভয় দেশই বর্তমানে এক ক্রান্তিকাল পরিস্থিতি পার করছে। আশা করা যায়, বাংলাদেশ এ সময়টি পরস্পরের প্রতি শ্রদ্ধা, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে অতিক্রম করবে। তিনি বলেন, বাংলাদেশ ও জার্মানী ইতিমধ্যে যৌথভাবে বেশ গুরুত্বপূর্ণ অর্জন সাধন করেছে। বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী মধ্যবিত্ত পরিবারের সাধ্যের মধ্যে মানসম্পন্ন জার্মান শিক্ষা অর্জন করছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মান এখন অন্যতম আকর্ষণ। আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দুই দেশের মধ্যে সেতু তৈরি করবে। আগামী প্রজন্ম তাদের উদ্ভাবনী শক্তি ও সাফল্যের বিশেষ দৃঢ়তা দিয়ে আমাদের সবাইকে তাক লাগিয়ে দেবে। জাতিসংঘের সহস াব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশের অর্জন প্রশংসনীয়। ২০১৫ পরবর্তী লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ ও জার্মানি একত্রে কাজ করবে। ভারত ও চীনের মতো উদীয়মান অর্থনীতির মাঝখানে বাংলাদেশের অবস্থান ভৌগলিকভাবে অনন্য। বিদেশি সাহায্যের উপর বাংলাদেশের নির্ভরতা কমছে। জার্মান কোম্পানিগুলো বঙ্গোপসাগরকে নতুন অর্থনৈতিক পাওয়ার হাউজ হিসাবে গড়ে উঠতে সম্পৃক্ত হতে প্রস্তুত।