সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নন্দখালী মৌজায় বহুল আলোচিত হলমার্ক গ্রুপের দখলে থাকা ৫ একর ২৪ শতাংশ সরকারি খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন।
গতকাল সোমবার দুপুর ১২টা থেকে ঢাকা জেলা পরিষদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের নেতৃতে শুরু হয় এ অভিযান। এসময় বুলডোজার দিয়ে হলমার্কের ‘রাইট ফ্যাশনস’ ভবনের আংশিক ভাঙার মধ্য দিয়ে উদ্ধার কাজ শুরু হয়। বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যের সহায়তায় হলমার্ক গ্রুপের দখলে থাকা এই জমি দখলমুক্ত করা হয়। সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত হোসেন জানান, ক্রয়কৃত কিছু সম্পত্তির সাথে জাল দলিল করে নিজের দেখিয়ে হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেয় প্রায় তিন হাজার কোটি টাকা। হলমার্ক গ্রুপ অবৈধভাবে এই জমির ওপরে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছিল। জনতা হাউজিংয়ের পরিবেশ রক্ষা ফোরামের সভাপতি অলিজা হাসান সরকারি জমি উচ্ছেদের বিষয়ে জানান, ‘অনেকদিন ধরে হলমার্ক গ্রুপ অবৈধভাবে আমাদের জনতা হাউজিংয়ের জমিসহ সরকারি খাস জমি ও পানি উন্নয়ন বোর্ডের জমি জোর করে দখল করে রেখেছে।’ সরকার যেভাবে সরকারের দখল করা জমি উদ্ধার করছে, সেভাবে জনগণের সম্পত্তি উদ্ধারেও প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
