ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ভাঙ্গা উপজেলার পৌরসদরের চৌধুরীকান্দা গ্রামে স্ত্রীর মর্যাদা দেওয়ার দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন যাবত্ অনশন করছেন অন্তঃসত্ত্বা এক স্কুলছাত্রী (১৫)। মেয়েটির বাবা ওই গ্রামেরই হতদরিদ্র এক ব্যক্তি। শুক্রবার সকাল থেকে মেয়েটি তার প্রেমিক লুত্ফর তালুকদারের বাড়িতে অবস্থান নেয়। গত দুদিন ধরে অনশনরত অবস্থায় স্ত্রীর মর্যাদা পেতে কাকুতি-মিনতি করে যাচ্ছে মেয়েটি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রবিউল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাঈদুর রহমান ঘটনাস্থলে যান। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য মেয়েটিকে প্রাথমিকভাবে মেডিক্যাল চেক-আপ করানো হয়। শনিবার সকালে প্রেমিক লুত্ফর তালুকদারের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করে মেয়েটির পরিবার। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আশুতোষ বলেন, মামলায় অভিযোগ করা হয়েছে মেয়েটির সাথে দীর্ঘদিন ধরে প্রেমের অভিনয় করে আসছিল উক্ত গ্রামের ছিদ্দিক তালুকদারের ছেলে লুত্ফর তালুকদার (২৫)। লুত্ফর বছরখানেক আগে পার্শ্ববর্তী গ্রামের এক মেয়েকে বিয়ে করে। বিয়ের পরও প্রেমের ফাঁদে ফেলে মেয়েটির সাথে (বর্তমানে অনশনরত) একাধিকবার দৈহিক সম্পর্ক করে সে। এতে করে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে।
