তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষা না নেয়ায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রক্টরসহ ৩ শিক্ষককে গতকাল সোমবার সাধারণ শিক্ষকরা অবরুদ্ধ করে রাখে। পরে রাত ৮টার দিকে অবরুদ্ধ শিক্ষদের ছেড়ে দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ের প্রভাষক এনামুল হক জানান, গতকাল তৃতীয় বর্ষের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা ছিল। এই পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী অংশ না নিলেও হাতে গোনা কিছু সংখ্যক পরীক্ষার্থী উপস্থিত হয়। এদিকে পরীক্ষা নিতে আসা সাধারণ শিক্ষকরা প্রশ্নপত্র চাইলে কন্ট্রোলার অফিস থেকে গুটিকয়েক শিক্ষার্থীদের পরীক্ষা না নিয়ে তাদের অনুপস্থিত দেখানোর পরামর্শ দেন। এতে বিক্ষুব্ধ শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ কামরুজ্জামান, ডেপুটি কন্ট্রোলার সোহরাব হোসেন ও ছাত্র উপদেষ্টা ড. মুহাম্মদ হাবিবুল্লাহকে ডেপুটি কন্ট্রোলারের কক্ষে অবরুদ্ধ করে রাখেন।
এ বিষয়ে আলাপকালে প্রভাষক এনামুল হক জানান, কর্তৃপক্ষ যেহেতু পরীক্ষা স্থগিত করেনি সে কারণে একজন পরীক্ষার্থী হলে উপস্থিত থাকলেও পরীক্ষা নেয়ার কথা। অথচ তা না করে কর্তৃপক্ষ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। একারণে সাধারণ শিক্ষকরা তাদের উপর ক্ষুব্ধ হন।
প্রক্টর কামরুজ্জামান জানান, কোনো অনিয়ম করা হয়নি। ছাত্রদের কাছে বারবার পরীক্ষা দেয়ার অনুরোধ করার পরেও তারা পরীক্ষায় অংশ না নেয়ায় সবাইকে অনুপস্থিত ঘোষণা করা হয়েছে।
