ঈদের আগেই অষ্টম ওয়েজ বোর্ডে সাংবাদিকদের পাওনা প্রদানের দাবি

আপডেট : ০৭ অক্টোবর ২০১৩, ২২:৫৭
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দ ঈদের আগেই সকল সংবাদপত্র ও সংবাদ সংস্থায় অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী সাংবাদিকদের বেতন-বোনাস প্রদানের দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ কঠোর হুশিয়ারি জানিয়ে বলেন, ঈদুল আজহা’র আগেই অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করা না হলে ঈদের পরে কঠোর আন্দোলন কর্মসূচি দিয়ে অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়নে বাধ্য করা হবে। গতকাল সোমবার রাজধানীর বেল টাওয়ারের দি ইন্ডিপেনডেন্ট এর কার্যালয়ের সামনে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিতে বক্তৃতাকালে নেতৃবৃন্দ এ কথা বলেন। ডিইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন ডিইউজে’র সাবেক সভাপতি ও বিএফইউজে’র নির্বাহী সদস্য কাজী রফিক, ইত্তেফাক ইউনিট চিফ আবুল খায়ের, সমকালের সিনিয়র সহ-সম্পাদক খায়রুল আলম, ইত্তেফাক প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার আজাদ প্রমুখ। এই কর্মসূচি থেকে সাগর-রুনি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ মঙ্গলবার আহুত মানববন্ধন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।