জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত অবিলম্বে বাতিল ও বিচারের নামে প্রহসনের ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখার স্বার্থে অবিলম্বে ট্রাইব্যুনাল ভেঙ্গে দিয়ে একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে ট্রাইব্যুনাল সংক্রান্ত যাবতীয় অনিয়ম, কেলেংকারি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন,সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে। প্রকৃত যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে যুদ্ধাপরাধের মিথ্যা মামলায় আসামি করে তাদেরকে ফাঁসি ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে সরকার দেশকে রাজনৈতিক নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র করছে।
