অনগ্রসর হাওর এলাকার উন্নয়নে সারা জীবন রাজনীতি করেছি

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২০:২১
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, হাওর এলাকা সম্পর্কে দেশের অন্য অঞ্চলের মানুষের কোন স্বচ্ছ ধারণা নেই। বর্ষাকালে এ এলাকা যে ছয় মাস পানির নিচে থাকে, বেশির ভাগ লোক তা জানে না। হাওর সম্পর্কে অজ্ঞতার কারণে উন্নয়ন পরিকল্পনা এবং প্রকল্প প্রণয়নে নানাবিধ সমস্যা দেখা দিত। তাই যখনই সুযোগ পেয়েছি, সংসদ কিংবা সভা-সেমিনারে হাওরের কথা বলেছি। তিনি বলেন, এই অনগ্রসর এলাকার উন্নয়নে আমি সারা জীবন রাজনীতি করেছি। রাষ্ট্রপতি গত সোমবার হাওর অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলা সদরে স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে প্রদত্ত গণ-সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। হাওর এলাকার ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, আমি জানি, অনেক সীমাবদ্ধতার মধ্যেও তোমরা লেখাপড়া চালিয়ে যাচ্ছো। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকতে হলে নিজেকে প্রস্তুত করতে হবে। আর এর জন্য প্রয়োজন অক্লান্ত পরিশ্রম আর কঠোর অধ্যবসায়। আগামি দিনের নেতৃত্ব তোমাদেরকেই নিতে হবে। রওশন আলী খান আশরাফীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মো. আফজাল হোসেন এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোস্তাক আহমদ কমল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জেমস্, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক হায়দরী বাচ্চু প্রমুখ।